গুমের অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ভুক্তভোগী ও তাঁদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন।
শনিবার (২৯
আগস্ট) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক
দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আবদুল্লাহ আল
আমিন বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা ছিল—দেশ আর গুম,
নির্যাতন ও রাষ্ট্রীয় নিপীড়নের পুরোনো চর্চায় ফিরে যাবে না।
কিন্তু সেই প্রত্যাশার বিপরীতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরও বাগেরহাটের মোংলায়
মিরাজ শেখকে গুমের অভিযোগকে কেন্দ্র করে তাঁর পরিবারের সদস্যদের ২৭ দিন কারাগারে
থাকতে হয়েছে বলে অভিযোগ রয়েছে।
তিনি বলেন, মিরাজ শেখ নিখোঁজ
হওয়ার পর তাঁর পরিবারের সদস্যরা থানায় গিয়ে গুমের অভিযোগ করেন। স্বজনের সন্ধান ও
বিচার চেয়ে অভিযোগ করার পর উল্টো পরিবারের সদস্যদের কারাগারে যেতে হলে ভুক্তভোগীরা
রাষ্ট্রের কাছে কীভাবে ন্যায়বিচার চাইবেন—এ প্রশ্ন থেকেই যায়।
গুমের
অভিযোগকারী ব্যক্তি বা পরিবারের ওপর অযৌক্তিক প্রমাণের দায় চাপানো উচিত নয় উল্লেখ
করে তিনি বলেন, প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা, প্রকৃত
ঘটনা বের করে আনা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
আবদুল্লাহ আল
আমিন আরও বলেন, কোনো সরকার বা প্রতিষ্ঠান উদ্যোগ নিয়েছে বলেই রাজনৈতিক মতপার্থক্যের
কারণে সেটি বাতিল করা উচিত নয়। কোনো আইন বা উদ্যোগে দুর্বলতা থাকলে তা সংশোধন ও
আরও শক্তিশালী করা যেতে পারে। তবে রাজনৈতিক বিবেচনায় আগের পদক্ষেপ বাতিল করে এমন
কোনো ব্যবস্থা নেওয়া উচিত নয়, যাতে ভুক্তভোগীরা আরও
ঝুঁকির মধ্যে পড়েন।
তিনি বলেন, রাজনীতিতে
মতপার্থক্য থাকা স্বাভাবিক। কিন্তু মানবাধিকার, বিচার
বিভাগের স্বাধীনতা, পুলিশ সংস্কার এবং গুমের মতো মৌলিক
বিষয়ে বাংলাদেশকে পেছনের দিকে হাঁটা উচিত নয়। জনগণের অধিকার ও নিরাপত্তার
দৃষ্টিকোণ থেকেই রাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ মূল্যায়ন করা প্রয়োজন।
গুমের শিকার
ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি গুমের অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ
তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান। একই
সঙ্গে নাগরিকের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায়
বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যরা ছাড়াও বিএনপির সংসদ
সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মানবাধিকার কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন