২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে মেয়েরা। তবে সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে মেয়েদের পেছনে ফেলেছে ছেলেরা। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে।
শনিবার
(৩১ অক্টোবর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে
আনুষ্ঠানিকভাবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত
ফল অনুযায়ী, এবার মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে
ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন এবং ছাত্র ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন। ছাত্রীদের পাসের
হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। বিপরীতে ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ। অর্থাৎ
পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা ৮ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছে।
অন্যদিকে,
জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্ররা। এবার মোট ৪০
হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং
ছাত্রী ১৯ হাজার ৭২১ জন।
বোর্ডভিত্তিক
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি
পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন। এর মধ্যে ছাত্র ১৮ হাজার ১৫৫ জন এবং
ছাত্রী ১৭ হাজার ৭৯৩ জন।
মাদরাসা
শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন। তাঁদের মধ্যে
ছাত্র ২ হাজার ২৮ জন এবং ছাত্রী ১ হাজার ২২২ জন।
তবে
কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলে জিপিএ-৫ অর্জনে মেয়েদের বড় ব্যবধানে এগিয়ে থাকতে
দেখা গেছে। এ বোর্ডে মোট ৮৮৬ জন জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের মধ্যে ছাত্রী ৭০৬ জন এবং
ছাত্র ১৮০ জন।
এদিকে, গত
বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২৫
সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এবার
সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪০ হাজার ৮৪ জনে। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫
পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন, যা প্রায় ৪২ শতাংশ।
চলতি
বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ
হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি
পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয়।
এবার
নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ
নেন। তবে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে বেশ কিছুসংখ্যক শিক্ষার্থী পরীক্ষায়
অনুপস্থিত ছিলেন।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে
অনলাইনে ফলাফল সংগ্রহের জন্য শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করতে বলা
হয়েছে। এ জন্য eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd
ওয়েবসাইটে প্রবেশ করে ‘Result’ অপশনে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের
EIIN নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে।
মন্তব্য করুন