জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে ৩৫ জন থাকছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ ও সফরের বিভিন্ন দিক তুলে ধরতে এ সংবাদ
সম্মেলনের আয়োজন করা হয়।
পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে পররাষ্ট্র
প্রতিমন্ত্রীও থাকছেন। তবে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও নিউইয়র্কে বাংলাদেশের
স্থায়ী প্রতিনিধি সেখান থেকেই প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যোগ দেবেন।
সফরসঙ্গীদের মধ্যে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পর্যটনমন্ত্রী
এম রশিদুজ্জামান মিল্লাত এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান রয়েছেন। এছাড়া বিপ্লবী ওয়ার্কার্স
পার্টির সভাপতি সাইফুল হক ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন
ইকরামও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের
উদ্দেশে ঢাকা ছাড়বেন এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর প্রথম
ভাষণ দেওয়ার কথা রয়েছে।
জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে যাওয়া বাংলাদেশি প্রতিনিধি দলের নিরাপত্তা
প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, সফররত প্রতিনিধিদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা
নেওয়া হয়েছে।
তিনি বলেন, নিউইয়র্কে সফররত প্রতিনিধিদের নিরাপত্তার বিষয়টি যুক্তরাষ্ট্রের
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যেও পড়ে। এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ
নিয়মিত যোগাযোগ ও আলোচনা করছে, যাতে প্রতিনিধি দলের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা
যায়।
সানফ্রান্সিসকোতে প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা
রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব জানান, সেখানে একটি অনুষ্ঠানে মন্ত্রী
পর্যায়ের প্রতিনিধি অংশ নেবেন।
এদিকে নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি
ড. খলিলুর রহমানও প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন বলে জানানো হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনসহ বিভিন্ন উচ্চপর্যায়ের
বৈঠক ও কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তাঁর সফরে বাংলাদেশের বিভিন্ন
জাতীয় অগ্রাধিকার ও আন্তর্জাতিক ইস্যু তুলে ধরার বিষয়টি গুরুত্ব পাবে।
নিউইয়র্কের কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর রাতে প্রধানমন্ত্রীর দেশের
উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন