নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তারাব সেতুর নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের
(পিপিএম) নির্দেশনায় জেলাজুড়ে মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযান
পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায়
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির 'গ' জোনের একটি
দল গোপন সংবাদের ভিত্তিতে তারাব সেতুর নিচে অভিযান চালায়। এ সময় সেখানে পরিত্যক্ত
অবস্থায় পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড শর্টগানের কার্তুজ পাওয়া যায়।
পরে গোয়েন্দা
পুলিশের সদস্যরা কার্তুজগুলো উদ্ধার করে হেফাজতে নেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায়
আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
মন্তব্য করুন