নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার হাজতে বসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
দায়িত্বে অবহেলার
অভিযোগে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও কনস্টেবল জাহাঙ্গীর
হোসেনকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট)
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল
মেহেদী। তিনি জানান, দায়িত্ব পালনে অবহেলার কারণে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে এ
ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা
যায়, সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে মিছিলের প্রস্তুতির
অভিযোগে শনিবার রাতে ১০ কিশোর-তরুণকে আটক করা হয়। পরে তাদের ফতুল্লা মডেল থানার
হাজতে রাখা হয়।
হাজতে থাকা অবস্থায়
ওই ব্যক্তিরা মোবাইল ফোন ব্যবহার করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন এবং
সেটি ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
‘আজমেরী ওসমান’ নামে একটি ফেসবুক পেজেও ভিডিওটি প্রকাশ করা হয়।
পুলিশের দাবি, আটক
ব্যক্তিরা আজমেরী ওসমানের পক্ষে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে হাজতের ভেতরে
থাকা অবস্থায় তাদের হাতে মোবাইল ফোন পৌঁছানোয় বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।
ঘটনার তদন্তে জানা
যায়, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দিতে এসআই মনিরুল ইসলাম আটক
ব্যক্তিদের মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। সেই সুযোগেই তারা হাজতের ভেতরে
স্লোগান দিয়ে ভিডিও ধারণ করেন।
ফতুল্লা মডেল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, হাজতে থাকা ব্যক্তিদের পরিবারের
সঙ্গে যোগাযোগের বিষয়টি পুলিশকে নিশ্চিত করতে হয়। সেই নিয়মের কথা বিবেচনা করেই সরল
বিশ্বাসে তাদের মোবাইল ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু ওই সুযোগ কাজে লাগিয়ে
তারা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
ঘটনাটিকে দায়িত্বে
অবহেলা হিসেবে বিবেচনা করে এসআই মনিরুল ইসলাম ও কনস্টেবল জাহাঙ্গীর হোসেনকে
প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের
কর্মকর্তারা।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন