শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে ঘটে যাওয়া এ ঘটনায় অস্বাভাবিক আচরণ
করা পুলিশ সদস্যের পরিচয় মিলেছে। তিনি আব্দুল মান্নান, সদর নৌ
থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, স্ত্রীর
সঙ্গে দাম্পত্য কলহের পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মান্নান এমন আচরণ করেছেন বলে
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার আগে তিনি কোনো মাদকজাতীয় দ্রব্য সেবন
করেছিলেন কি না, সেটিও যাচাই করা হচ্ছে।
পুলিশ জানায়, এএসআই মান্নান থানার কোয়ার্টারে থাকেন। তার
স্ত্রী সিলেটে গ্রামের বাড়িতে অবস্থান করেন। শুক্রবার রাতে মুঠোফোনে তাদের মধ্যে
ঝগড়া হয়। এর পরই থানার সামনে এসে তাকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মান্নান স্বাভাবিক আচরণের বাইরে
গিয়ে গান গাইছেন ও নাচছেন। আশপাশের লোকজন তার এমন আচরণের কারণ জানতে চাইলে তিনি
স্ত্রীর বিরুদ্ধে তাকে জুতা দিয়ে মারধরের অভিযোগ করেন।
এদিকে ঘটনাটি দেখে স্থানীয়দের কেউ কেউ পুলিশ সদস্যটি মাদক সেবন
করেছিলেন বলে ধারণা করেন। তবে তিনি মাদক সেবন করেছিলেন কি না, তা এখনো
নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।
ওসি মো.
রকিবুজ্জামান বলেন,
মান্নানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। বিষয়টি
ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা
নেওয়া হবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন