উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১১৪টি সরকারি
প্রাথমিক বিদ্যালয় ও ৪৪টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সমন্বয়ে স্বেচ্ছাসেবী
দল গঠন করা হয়েছে। এসব দলের সদস্যরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা, খেলার মাঠ ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি
কোথাও পানি জমে থাকলে তা চিহ্নিত করে অপসারণের ব্যবস্থা করছে।
এ ছাড়া শিক্ষার্থীরা সহপাঠীদের মধ্যে পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি
ও মশাবাহিত রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা তৈরি করছে। বিশেষ করে দীর্ঘদিন পড়ে
থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ড্রাম,
ডাবের খোসা ও অন্যান্য স্থানে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলার
বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন বলেন, নিয়মিত
কর্মসূচির অংশ হিসেবে প্রতি মঙ্গলবার মাধ্যমিক বিদ্যালয় এবং প্রতি বৃহস্পতিবার
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক
কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন,
শিক্ষার্থীদের শুধু নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার
মধ্যেই সীমাবদ্ধ না রেখে আশপাশের পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সম্পৃক্ত করা
হচ্ছে। এর মাধ্যমে তাদের মধ্যে দায়িত্ববোধ তৈরি হবে এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ
প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের
সম্পৃক্ত করে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে একদিকে শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের
পরিবেশ পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে, অন্যদিকে ছোটবেলা
থেকেই শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি ও পরিবেশ সুরক্ষার অভ্যাস গড়ে উঠছে।
প্রশাসনের
আশা, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু হওয়া এ সচেতনতা শিক্ষার্থীদের মাধ্যমে
তাদের পরিবার ও স্থানীয় সমাজে ছড়িয়ে পড়বে। এতে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের
ঝুঁকি কমানোর পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে এ উদ্যোগ
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন