উড়োজাহাজে ভ্রমণের সময় ধারণ করা একটি ভিডিওই এবার বিপাকে ফেলেছে
বলিউডের নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহিকে। বিমানের ভেতরের ভিডিও সামাজিক
যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সেটিকে ‘খেলনা বিমান’ ও ‘লেগো এয়ারপ্লেন’ বলার অভিযোগে
তার বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা করেছে ভারতের এভিয়েশন কোম্পানি ডিউনস
এভিয়েশন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের
ডিসেম্বরে ডিউনস এভিয়েশনের একটি সেসনা সাইটেশন সিজে-২ উড়োজাহাজে মুম্বাই থেকে
জয়পুর যাচ্ছিলেন নোরা। যাত্রাপথে বিমানের ভেতরের একটি ভিডিও ধারণ করে নিজের
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি।
ভিডিওতে উড়োজাহাজটিকে ‘খেলনা’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ হিসেবে উল্লেখ
করেন নোরা। তার এমন মন্তব্যে ক্ষুব্ধ হয় এভিয়েশন কোম্পানিটি। প্রতিষ্ঠানটির অভিযোগ, কোনো
ধরনের প্রযুক্তিগত জ্ঞান বা বাস্তব ভিত্তি ছাড়াই নোরা বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন
মন্তব্য করেছেন।
ডিউনস এভিয়েশনের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে নোরার
বিপুলসংখ্যক অনুসারী থাকায় তার মন্তব্যের ব্যাপক প্রভাব পড়েছে। এর ফলে
প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যবসায়িক ক্ষতিও হয়েছে।
মামলায় কোম্পানিটি আরও দাবি করেছে, ওই মন্তব্যের পর তাদের
ফ্লাইট বুকিং প্রায় ১৫ থেকে ২০ শতাংশ কমে গেছে। একই সঙ্গে ফ্লাইট বাতিলের হারও
বেড়েছে বলে অভিযোগ করেছে তারা।
এ কারণে ক্ষতিপূরণ হিসেবে নোরার কাছে ৩ কোটি রুপি দাবি করেছে
ডিউনস এভিয়েশন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ভিডিও ও এর সঙ্গে
থাকা অন্যান্য কনটেন্ট সরিয়ে নেওয়া এবং প্রকাশ্যে নিজের মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার
দাবিও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ভারতের
গুজরাটের গান্ধীনগর আদালতে নোরার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। বিষয়টি নিয়ে এখন আদালতের
পরবর্তী কার্যক্রমের দিকে তাকিয়ে সংশ্লিষ্টরা।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন