নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত শ্রমিক লীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন সম্পর্কে সহোদর। তাঁদের মধ্যে হুমায়ুন কবির (৫৫) ফতুল্লা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং তাঁর বড় ভাই হাবিবুর রহমান (৬০) ফতুল্লা ইউনিয়নের বৃহত্তর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
রোববার (১ নভেম্বর)
দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুরের বেপারীপাড়া এলাকায়
তাঁদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন
সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের (পিপিএম) নির্দেশনায়
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলমের নেতৃত্বে পুলিশের
একাধিক দল অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় একাধিক
সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার
আহমেদ পলাশের ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত। অন্যদিকে তাঁর বড় ভাই হাবিবুর
রহমান বিদেশে অবস্থানরত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী হিসেবে এলাকায়
পরিচিত ছিলেন।
সূত্রগুলোর দাবি,
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির
বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অনেকে আত্মগোপনে চলে গেলেও এই দুই ভাই নিজ বাড়িতেই
অবস্থান করছিলেন। প্রথম দিকে তাঁরা বাড়ির বাইরে তেমন বের হতেন না। তবে পরবর্তী
সময়ে তাঁদের এলাকায় প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যায়।
স্থানীয় সূত্রের
দাবি, হুমায়ুন কবিরকে ফতুল্লার পাইলট উচ্চবিদ্যালয়ের ফটকসংলগ্ন একটি দোকানে
প্রতিদিন দিন ও রাতে দুই দফায় দীর্ঘ সময় অবস্থান করতে দেখা যেত। অন্যদিকে হাবিবুর
রহমানও এলাকায় প্রকাশ্যে চলাফেরা করতেন।
ফতুল্লা মডেল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,
হুমায়ুন কবিরের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলাসহ বৈষম্যবিরোধী
একাধিক মামলা রয়েছে। তাঁর বড় ভাই হাবিবুর রহমানের বিরুদ্ধেও বৈষম্যবিরোধী ও
সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
পুলিশের পক্ষ থেকে
তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন
রয়েছে।
মন্তব্য করুন