নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী এবং কাঠেরপুল এলাকার যুবলীগ নেতা আজমতের সহযোগী হিসেবে পরিচিত আফসু হৃদয়কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
সোমবার (২ অক্টোবর) ফতুল্লায় রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আফসু হৃদয় কাঠেরপুল এলাকার যুবলীগ নেতা আজমতের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। পাশাপাশি জেলা ছাত্রলীগ নেতা শামীম হোসেনের সঙ্গেও তার ঘনিষ্ঠতা রয়েছে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।
তার বিরুদ্ধে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে মিশে আন্দোলনে অংশ নেওয়া এবং নাশকতার পরিকল্পনায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন সময়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলেও তার অংশগ্রহণের বিষয়ে এলাকায় আলোচনা ছিল।
আফসু হৃদয়ের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে দাবি করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।
এদিকে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যেন এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, সহিংসতা কিংবা নাশকতার সঙ্গে জড়িত থাকতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও তৎপরতা দাবি করেছেন স্থানীয়রা। একই সঙ্গে এ ধরনের অভিযোগে জড়িত অন্যদেরও তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
ফতুল্লার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, তাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দ্যা প্রেস নিউজ/এসআর