সোমবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটায় জেলা আইনজীবী সমিতির তৃতীয় তলায়
আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আনোয়ার প্রধান বলেন, ম্যাজিস্ট্রেসি ও জজশিপের কিছু
আদালত এবং মামলা অন্যত্র স্থানান্তরের বিষয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা হচ্ছে। তবে
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো লিখিত নির্দেশনা বা প্রজ্ঞাপন আইনজীবী
সমিতিকে দেওয়া হয়নি। তাই গুজব বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে আতঙ্কিত হওয়ার কারণ
নেই।
তিনি বলেন,
নারায়ণগঞ্জের বর্তমান আদালত ভবন ও আইনজীবী ভবন তাদের বর্তমান
অবস্থানেই থাকবে। নির্বাহী কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট ও
জজ কোর্ট স্থানান্তরের কোনো সিদ্ধান্ত হয়নি বলেও দাবি করেন তিনি।
ল্যান্ডস কোর্ট, সাইবার কোর্ট, বিদ্যুৎ
কোর্ট ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কালীরবাজারের নতুন ভবনে নেওয়ার বিষয়ে
আলোচনা থাকলেও এ সংক্রান্ত কোনো সরকারি প্রস্তাব আইনজীবী সমিতির কাছে আসেনি বলে
জানান আনোয়ার প্রধান।
বর্তমান আদালত ভবনে পর্যাপ্ত জায়গা রয়েছে দাবি করে তিনি বলেন, সরকার
ভবিষ্যতে কোনো আদালত স্থানান্তরের সিদ্ধান্ত নিলে আগে আইনজীবী সমিতির সঙ্গে আলোচনা
করা প্রয়োজন। প্রয়োজন হলে বর্তমান ভবনেই জায়গা ব্যবস্থাপনা করে আদালতগুলোর
কার্যক্রম পরিচালনা করা সম্ভব।
চাষাঢ়া এলাকার যানজটের বিষয়টিও তুলে ধরেন তিনি। তাঁর মতে, আদালতের
কার্যক্রম অন্য কোনো স্থানে সরিয়ে নেওয়া হলে আইনজীবী, বিচারপ্রার্থী
ও সাধারণ মানুষের যাতায়াতে অতিরিক্ত ভোগান্তি তৈরি হতে পারে। এতে বিচারিক
কার্যক্রমের স্বাভাবিক গতিও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
আনোয়ার প্রধান আরও বলেন, নারায়ণগঞ্জের সংসদ সদস্য ও
প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। তাদের কাছ থেকে
জানা গেছে, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ
অবস্থায় কোনো সিদ্ধান্ত হয়েছে বা প্রজ্ঞাপন জারি হয়েছে—এমন প্রচারণা বিভ্রান্তিকর।
তিনি বলেন,
‘আইনজীবীদের স্বার্থ ও বিচারপ্রার্থী মানুষের সুবিধার বিষয়টি
বিবেচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না। আমরা কোনো
বিভ্রান্তির ফাঁদে পা দেব না।’
সংবাদ
সম্মেলনে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা
পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, জাতীয়তাবাদী
আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল গাফ্ফার, যুগ্ম
আহ্বায়ক অ্যাডভোকেট শামসুর নূর বাঁধন, জেলা আইনজীবী
সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট একেএম ওফর ফারুক নয়নসহ সংগঠনের অন্যান্য সদস্য
উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন