ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বন্দর
থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক যুবনেতা জাহিদ আল-আমীন বুলবুল হত্যার ঘটনায়
জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল
অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ
মহানগর শাখার সভাপতি হাফেজ মুহাম্মাদ রবিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মুফতী মানসুর আহমদ সাকী অভিযোগ করেন, নতুন
সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত
উন্নতি হয়নি। প্রশাসনের ব্যর্থতার কারণেই জাহিদ আল-আমীন বুলবুল হত্যার শিকার
হয়েছেন বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন,
বুলবুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে যাদের নাম আসছে, তাদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা ছিল। প্রশাসন সময়মতো তাদের
গ্রেপ্তার করে আইনের আওতায় আনলে তারা আরও অপরাধ করার সুযোগ পেত না।
বুলবুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের
আওতায় আনা এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান তিনি।
মুফতী মানসুর আহমদ সাকী আরও বলেন, দেশে ন্যায়বিচার ও আইনের
শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অপরাধীদের দ্রুত
বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।
সমাবেশে অন্যান্য বক্তারা জাহিদ আল-আমীন বুলবুল হত্যাকাণ্ডের
তীব্র নিন্দা জানান। তারা হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের
দ্রুত গ্রেপ্তার এবং আইনানুগ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশ শেষে চাষাঢ়া থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইসলামী যুব
আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিআইটি
মোড়ে গিয়ে শেষ হয়।
পরে
সেখানে নিহত জাহিদ আল-আমীন বুলবুলসহ সকল নিহতের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, ন্যায়বিচার
ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন