বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় নগরীর চাষাঢ়া স্মৃতিস্তম্ভে ফুলবাড়ী আন্দোলনের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, বাসদ নেতা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহসাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগসহ সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতির কয়লাখনি প্রকল্প বাতিল, এশিয়া এনার্জিকে প্রত্যাহার, জাতীয় সম্পদ ও পরিবেশ রক্ষা এবং মানুষের জীবন-জীবিকার নিরাপত্তার দাবিতে গণআন্দোলন গড়ে ওঠে। ওই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে তিনজন আন্দোলনকারী নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হন। সেই ঘটনার স্মরণে প্রতিবছর ২৬ আগস্ট ‘ফুলবাড়ী দিবস’ বা ‘ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস’ পালন করা হয়।
তারা আরও বলেন, ফুলবাড়ী দিবসের চেতনা হলো দেশের প্রাকৃতিক ও জাতীয় সম্পদ কোনোভাবেই সাম্রাজ্যবাদী শক্তির হাতে তুলে দেওয়া যাবে না। দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্তও জনগণ মেনে নেবে না।
বাসদ নেতৃবৃন্দের অভিযোগ, আবারও দিনাজপুরের ফুলবাড়ীর কয়লাখনি নিয়ে এশিয়া এনার্জির সঙ্গে চুক্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। জাতীয় সম্পদ ও পরিবেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা জনগণ মেনে নেবে না।
নেতৃবৃন্দ সরকারকে এ ধরনের গণবিরোধী উদ্যোগ থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে জাতীয় সম্পদ ও পরিবেশ রক্ষায় জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানান তারা।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন