রোববার (৩০ আগস্ট)
সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভার মধ্য দিয়ে দিনের
কার্যক্রম শুরু হয়।
সকাল ১০টায়
অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাদের
সামষ্টিক বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট
কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর
রহমান মুন্সী।
সভায় দায়িত্ব পালনে
দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত
করা হয়।
জেলার শ্রেষ্ঠ এসআই
নির্বাচিত হয়েছেন ফতুল্লা থানায় কর্মরত এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার। শ্রেষ্ঠ
এএসআই হয়েছেন বন্দর থানার এএসআই (নিঃ) জহিরুল ইসলাম। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী
হিসেবে পুরস্কৃত হয়েছেন রূপগঞ্জ থানার পিএসআই আলিমুজ্জামান এবং শ্রেষ্ঠ অস্ত্র
উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) আব্দুল্লাহ আল
মামুন।
এছাড়া শ্রেষ্ঠ
ট্রাফিক অফিসার হিসেবে ট্রাফিক শাখার সার্জেন্ট রাজন কুমার দত্তকে পুরস্কৃত করা
হয়। ক্লু-লেস মামলা শনাক্ত ও রহস্য উদঘাটনে সাফল্যের জন্য জেলা গোয়েন্দা শাখার
এসআই (নিঃ) এস.এম. আব্দুল আজিজসহ বন্দর থানার এসআই (নিঃ) ইয়াছিন আরাফাত,
সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মাসুম বিল্লাহ্ এবং সোনারগাঁ থানার এসআই (নিঃ)
ইকরামউজ্জামানকে পুরস্কৃত করা হয়।
অর্পিত দায়িত্ব
যথাযথভাবে পালনের জন্য রিজার্ভ অফিসের এসআই (নিঃ) মোহাম্মদ হুমায়ুন কবির,
কনস্টেবল-১৯৫০ মো. শাকিল, কনস্টেবল-১০২১ সালাহ উদ্দিন আহমেদ এবং জেলা বিশেষ শাখার
ডিআইও কামরুল হাসান ও ওয়াচার কনস্টেবল-৯৪৬ নুর-ই-আলমকে পুরস্কৃত করা হয়।
পরে দুপুর ১২টায়
জুলাই ২০২৬ মাসে দায়ের হওয়া বিভিন্ন মামলার অগ্রগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে
‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়।
সভায় নারায়ণগঞ্জ
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী পাওয়ার
পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জুলাই ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি ও
সংশ্লিষ্ট কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
এছাড়া র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর অতিরিক্ত পুলিশ
সুপার, পিবিআই, সিআইডি, নৌ-পুলিশ ও টুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শকসহ জেলা পুলিশের
ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অপরাধ
নিয়ন্ত্রণ, মামলার তদন্ত ও অগ্রগতি, মাদক ও অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি
স্বাভাবিক রাখতে চলমান কার্যক্রম আরও জোরদারের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া
হয়।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন