রোববার (৩০ আগস্ট) বিকেলে নগরীর হোসিয়ারি সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত
হয়। সভায় আগামী ১ সেপ্টেম্বর সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য
কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট
সাখাওয়াত হোসেন খান বলেন, “গত ১৫ বছর যারা মাঠে সংগ্রাম করেছেন, তাদের স্থান দখল
করতে একটি গোষ্ঠী পাঁয়তারা চালাচ্ছে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নে আমরা সচেষ্ট
আছি এবং সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে।”
তিনি নেতাকর্মীদের জিয়াউর রহমানের আদর্শ ও সততা ধারণ করে দলীয় কর্মকাণ্ড
পরিচালনার আহ্বান জানান। একই সঙ্গে কোনো স্বার্থান্বেষী বা গুপ্ত সংগঠন যাতে দলের
ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
সাখাওয়াত হোসেন খান বলেন, “১ সেপ্টেম্বরের প্রতিষ্ঠাবার্ষিকী আকর্ষণীয় করতে
প্রতিটি ওয়ার্ড থেকে ব্যানার ও ব্যান্ড পার্টিসহ নেতাকর্মীদের উপস্থিত থাকার
আহ্বান জানাচ্ছি।”
মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, “বিগত
আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর
কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে থানা, ওয়ার্ড, ইউনিয়ন ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর
মধ্যে যারা সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও সুসংগঠিতভাবে অংশ নেবে, তাদের পুরস্কৃত করা
হবে।”
সভায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ রেজা রিপন, আনোয়ার
হোসেন অনু, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ যুবদল, ছাত্রদল, শ্রমিক
দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন