নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় অজ্ঞাতনামা এক নারী গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। এ ঘটনার পর ক্ষুব্ধ গার্মেন্টসকর্মীরা মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।
বৃহস্পতিবার
(৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে বন্দর থানার মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে জাহিন গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ
সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৯৬০৫) দ্রুতগতিতে
যাওয়ার সময় ওই নারী গার্মেন্টসকর্মীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার
খবর ছড়িয়ে পড়লে জাহিন গার্মেন্টসের কর্মীরা ক্ষুব্ধ হয়ে মহাসড়কে অবস্থান নেন। তারা
মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ করে দিলে কিছুক্ষণের মধ্যেই সড়কের দুই পাশে
দীর্ঘ যানজট তৈরি হয়। এতে আটকা পড়ে বিভিন্ন রুটের শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন
কর্মজীবী মানুষসহ দূরপাল্লার যাত্রীরা।
খবর পেয়ে
কাচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। যান চলাচল
স্বাভাবিক করতে পুলিশ আন্দোলনরত গার্মেন্টসকর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি
নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
কাচপুর
হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনজিল আহমেদ জানান, মদনপুর এলাকায় ট্রাকচাপায় এক
নারী গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গার্মেন্টসকর্মীরা মহাসড়কের উভয়
পাশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ
ঘটনাস্থলে কাজ করছে।
তিনি আরও
জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত
কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন