নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত একটি জলবিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো ওই টানেলের ভেতরে বহু শ্রমিক আটকা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আকস্মিক বন্যা ও ভূমিধসে দেশটির একাধিক জলবিদ্যুৎ প্রকল্পে শত শত শ্রমিক আটকা পড়ার নয় দিন পর এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।
শুক্রবার (৪
সেপ্টেম্বর) নেপালের নুওয়াকোট জেলার ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎকেন্দ্রে এ উদ্ধার
অভিযান চালানো হয়। টানেলের ভেতর থেকে অল্প সময়ের ব্যবধানে দুই শ্রমিককে বের করে
আনেন উদ্ধারকারীরা।
জানা গেছে, ওই
জলবিদ্যুৎকেন্দ্রের টানেলে ৪২ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে কয়েক দিন
ধরে টানেল খনন করে উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন উদ্ধারকর্মীরা।
উদ্ধার অভিযানের
ভিডিও ফুটেজে দেখা যায়, প্রায় এক ডজন উদ্ধারকারী মাটির তৈরি ছোট একটি গর্ত দিয়ে
একজন শ্রমিককে বাইরে বের করে আনছেন। নিরাপদে তাকে বের করে আনার পর উদ্ধারকারীরা
হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
নুওয়াকোট জেলার
পুলিশ প্রধান বিপিন রেগমি জানান, উদ্ধারকারীরা টানেলের ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর
শুনতে পেয়েছেন। আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি
ঘটনাস্থলে একটি মেডিকেল টিম পাঠানো হচ্ছে।
জলবিদ্যুৎকেন্দ্রটির
ভূগর্ভস্থ পাওয়ার হাউজে যাওয়ার টানেলটি চার কিলোমিটারেরও বেশি দীর্ঘ। ভয়াবহ বন্যার
সময় সেখানে কয়েক ডজন শ্রমিক কাজ করছিলেন।
এদিকে ত্রিশূলী
নদীর তীরে থাকা নেপালের একাধিক জলবিদ্যুৎকেন্দ্র বন্যা ও ভূমিধসে ব্যাপক
ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রকল্পে নেপালের পাশাপাশি চীন, দক্ষিণ কোরিয়া ও ভারতের
নাগরিকসহ বিভিন্ন দেশের শ্রমিক কর্মরত ছিলেন।
প্রবল বন্যার পানির
স্রোতে নদী ও আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দেশটিতে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি মানুষের
মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজদের উদ্ধারে বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে
যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন