নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। উচ্ছেদ করা স্থাপনার মধ্যে ফলের দোকান, টংঘরসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান ছিল।
বৃহস্পতিবার
(১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ
অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট মামুন সরকার।
অভিযান
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
পাশে দীর্ঘদিন ধরে সওজের সরকারি জায়গা দখল করে বিভিন্ন ধরনের অস্থায়ী ও আধা-পাকা
স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এসব স্থাপনার মধ্যে টংঘর, ফলের দোকানসহ নানা ধরনের
ছোট ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ওঠে।
অভিযোগ
রয়েছে, স্থানীয় কয়েকজন ব্যক্তি সরকারি জায়গা দখল করে এসব দোকান নির্মাণের পর ক্ষুদ্র
ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে নিয়মিত অর্থ আদায় করতেন। ফলে সরকারি জায়গায় অবৈধ
স্থাপনা বাড়ার পাশাপাশি মহাসড়কের পাশে যান চলাচলও বাধাগ্রস্ত হচ্ছিল।
স্থানীয়দের
ভাষ্য, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবৈধ দোকানপাটের কারণে মহাসড়কের সার্ভিস লেন ও
ফিডার রোডের বিভিন্ন অংশ সংকুচিত হয়ে পড়েছিল। এতে ব্যস্ত সময়ে যানজট সৃষ্টি হয়ে
পথচারী ও যাত্রীদের ভোগান্তি বাড়ছিল।
বৃহস্পতিবার
সকাল থেকে উপজেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান শুরু হলে একে একে অবৈধ স্থাপনাগুলো
সরিয়ে দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্টদের সরকারি জায়গা দখল করে পুনরায় স্থাপনা নির্মাণ
না করার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযান
শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার বলেন,
মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সওজের জায়গা দখল করে গড়ে ওঠা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা
উচ্ছেদ করা হয়েছে।
তিনি
বলেন, এসব অবৈধ স্থাপনার কারণে প্রতিদিন ওই এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি
হচ্ছিল। সরকারি সম্পত্তি রক্ষা এবং মহাসড়ককে যানজটমুক্ত রাখতে প্রশাসনের এ ধরনের
অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের এ
অভিযানে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দীর্ঘদিন ধরে দখলে থাকা সরকারি জায়গা অনেকটাই
উন্মুক্ত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন