নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কয়েল তৈরির কারখানায়
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার তৈরি কয়েল, কাঁচামাল
ও বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে দশ পাইপ মিজমিজি দক্ষিণপাড়া
এলাকার আর জে প্রোডাক্টস কয়েল ফ্যাক্টরিতে এ আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল
ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায়
দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল
আরেফিন জানান, আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে কারখানায় প্রস্তুত করা কয়েল,
উৎপাদনের বিভিন্ন কাঁচামাল, ডায়ার রুম,
জালি, জ্বালানি কাঠসহ বেশ কিছু মালামাল
ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিক তদন্তে অতিরিক্ত তাপ বা ওভারহিটিং থেকে আগুনের সূত্রপাত
হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে প্রায় ১ লাখ ৫০ হাজার
টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে দ্রুত ফায়ার সার্ভিসের তৎপরতায় কারখানার প্রায় ১৫ লাখ টাকার
সম্পদ আগুনের কবল থেকে রক্ষা করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অগ্নিকাণ্ডে
কোনো ব্যক্তি হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন