নারায়ণগঞ্জের বক্তাবলী-আলীরটেক সংযোগকারী সেতু নির্মাণের
দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে এলাকাবাসীকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
তিনি বলেছেন, সেতুটি কোথায় নির্মাণ করা হবে—এ নিয়ে
মতপার্থক্য তৈরি না করে বৃহত্তর এলাকার যোগাযোগ ও উন্নয়নের স্বার্থকে প্রাধান্য
দিতে হবে। সম্মিলিতভাবে দাবি জানানো হলে কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়নের পথ আরও সহজ
হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বক্তাবলী ইউনিয়নের গঙ্গানগর এলাকায়
মোহাম্মদীয়া মহিলা দাখিল মাদরাসায় জি.পি.এ-৫ প্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা ও
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তাবলী-আলীরটেক সেতু প্রসঙ্গে এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, সেতু
নির্মাণের বিষয়টি ইতোমধ্যে জাতীয় সংসদ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উত্থাপন করা হয়েছে।
এখন প্রয়োজন সবাইকে সঙ্গে নিয়ে বিষয়টি এগিয়ে নেওয়া। সেতুর স্থান নিয়ে বিভক্তি তৈরি
হলে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে।
তিনি বলেন,
একটি অঞ্চলের টেকসই উন্নয়নের জন্য শুধু একটি সেতু নির্মাণই
যথেষ্ট নয়। যোগাযোগব্যবস্থার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য
ও অন্যান্য নাগরিক সুবিধার উন্নয়নও সমানভাবে জরুরি। দীর্ঘদিনের জনদাবি বাস্তবায়নে
জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষকে
সমন্বিতভাবে কাজ করতে হবে।
নারীশিক্ষা ও স্বাস্থ্য প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষিত
ও আত্মনির্ভরশীল নারী একটি সমৃদ্ধ সমাজের অন্যতম ভিত্তি। মেয়েদের শিক্ষা ও
স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের আপস করা যাবে না। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বড়
স্বপ্ন দেখতে হবে এবং নিজেদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার
মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
মোহাম্মদীয়া মহিলা দাখিল মাদরাসার শিক্ষার পরিবেশ ও কার্যক্রমের
প্রশংসা করে এমপি আল আমিন বলেন, প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নে
সহযোগিতা করা হবে। বিশেষ করে ওয়াশ ব্লকসহ যেসব ঘাটতি রয়েছে, সেগুলো পূরণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় সমাজের কল্যাণে যারা কাজ করছেন, তাদের
দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মূল্যায়ন ও সম্মান জানানোর আহ্বান জানান সংসদ সদস্য।
মাদক,
চাঁদাবাজি, অবৈধভাবে মাটি কাটা ও
বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। যে-ই অপরাধে জড়িত থাকুক,
তাকে আইনের আওতায় আনতে হবে। বক্তাবলীকে নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে অন্যায়ের
বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে
মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মো. আলী আকবর সিকদার, মাদরাসার
সুপার, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয়
গণ্যমান্য ব্যক্তি, গ্রামবাসী এবং বিভিন্ন রাজনৈতিক দলের
নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন