নারায়ণগঞ্জ শহরে চলাচলকারী অটোরিকশা ও সংশ্লিষ্ট গ্যারেজগুলোর
সঠিক তথ্যভিত্তিক তালিকা তৈরির দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য
অ্যাডভোকেট আবুল কালাম। একই সঙ্গে এসব গ্যারেজ ও অটোরিকশা পরিচালনার সঙ্গে কোনো
রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তাও খতিয়ে দেখার আহ্বান জানান
তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক
মো. রায়হান কবির।
বাসস্ট্যান্ড ও অটোরিকশা ব্যবস্থাপনা নিয়ে আলোচনার সময় এমপি আবুল
কালাম বলেন, শহরে বর্তমানে কতটি অটোরিকশা চলাচল করছে এবং কতটি গ্যারেজ সক্রিয় রয়েছে,
তার নির্ভুল তথ্য সংগ্রহ জরুরি। একই সঙ্গে অটোরিকশা পরিচালনা বা
গ্যারেজ ব্যবস্থাপনায় কোনো রাজনৈতিক প্রভাব বা সংশ্লিষ্টতা আছে কি না, সেটিও যাচাই করা প্রয়োজন।
তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক দলের কিছু কর্মী বা
প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় অনেক অটোরিকশা চলাচল করছে বলে নানা মহলে আলোচনা
রয়েছে। তাই এ খাতকে শৃঙ্খলার আওতায় আনতে একটি সমন্বিত তালিকা প্রণয়ন প্রয়োজন।
অটোরিকশাচালকদের পরিচয় ও কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানোর তাগিদ
দিয়ে সংসদ সদস্য বলেন,
অনেক চালকের পরিচয় ও পেশাগত বিষয় যাচাই করা দরকার। এ বিষয়ে
সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও সক্রিয় হতে হবে।
লিংক রোড এলাকায় যানজট ও নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, জেলা
প্রশাসকের কার্যালয়ে প্রবেশের সময় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এ এলাকায় ট্রাফিক
পুলিশের কার্যকর উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন।
সভায় হাসপাতালগুলোতে দালালচক্রের তৎপরতা নিয়েও আলোচনা হয়।
পাশাপাশি ডায়াবেটিস চিকিৎসা সেবায় নির্ধারিত আসনের চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি থাকার
বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
লোডশেডিং পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আবুল কালাম বলেন, কোথাও
বিদ্যুতের অবৈধ ব্যবহার হচ্ছে কি না, তা খতিয়ে দেখা
দরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও তদারকি বাড়ানোর আহ্বান জানান তিনি।
এ ছাড়া রাইফেল ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে সেনাবাহিনীর সঙ্গে
আলোচনা করার কথাও জানান সংসদ সদস্য।
অস্ত্রের
লাইসেন্স প্রসঙ্গে তিনি বলেন, যেসব ব্যক্তি বর্তমানে পলাতক বা অপরাধমূলক
কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে, তাদের নামে ইস্যুকৃত
অস্ত্রের লাইসেন্স কীভাবে বহাল আছে এবং সেসব অস্ত্র কোথায় রয়েছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন