সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা কার্যালয়ে এ পরিদর্শন ও
মতবিনিময় অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে
অবহিত হন মাধবী মার্মা। পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে এলাকার প্রয়োজনীয়
উন্নয়ন প্রকল্প,
নাগরিক সমস্যা ও দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো সম্পর্কে মতামত
নেন তিনি।
মাধবী মার্মা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে
অতিরিক্ত দায়িত্ব হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসনের দেখভালের দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব
পাওয়ার পর এলাকার বাস্তব পরিস্থিতি বোঝার জন্যই প্রাথমিকভাবে প্রশাসন ও দলের
নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে এসেছেন তিনি।
তিনি বলেন,
নারায়ণগঞ্জ-৪ আসনে কোথায় উন্নয়ন প্রয়োজন এবং কোন সমস্যাগুলো আগে
সমাধান করা দরকার—এসব বিষয়ে স্থানীয় মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। জনগণের
প্রয়োজন বিবেচনায় নিয়েই উন্নয়ন পরিকল্পনা সাজানো হবে।
মাধবী মার্মা আরও বলেন, নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের
প্রত্যাশা ও অপ্রাপ্তির জায়গাগুলো চিহ্নিত করে সেখানে সর্বোচ্চ কাজ করার চেষ্টা
থাকবে। উন্নয়ন পরিকল্পনা এককভাবে নয়, স্থানীয়দের সঙ্গে
আলোচনা করেই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
নারায়ণগঞ্জের মানুষের সচেতনতার প্রশংসা করে তিনি বলেন, এ এলাকার
মানুষ নিজেদের অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন অধিকার
আদায়ে ভূমিকা রেখে আসছেন। দায়িত্ব পাওয়ার পর তাদের প্রত্যাশার যথাযথ মূল্যায়ন এবং
এলাকার উন্নয়ন কাজে তাদের সম্পৃক্ত করার চেষ্টা থাকবে।
এ সময় এলাকার বিভিন্ন অনিয়ম ও অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এসব
সমস্যা শুধু নারায়ণগঞ্জের নয়, সারাদেশেই দীর্ঘদিনের নানা
অনিয়ম ও দুর্নীতির প্রভাব রয়েছে। এগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয়। একটি
কার্যকর ও নিরপেক্ষ ব্যবস্থার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী
পরিকল্পনা গ্রহণ করতে সময় লাগবে।
তিনি আরও বলেন, কোথায় প্রশাসনিক সহযোগিতা, কারিগরি সহায়তা কিংবা উন্নয়নমূলক উদ্যোগ প্রয়োজন, সেগুলো শনাক্ত করে ধাপে ধাপে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সরকারকে
প্রয়োজনীয় সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
পরিদর্শনের
সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, সহকারী
কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, প্রকৌশলী ইয়াসিন আরাফাত,
ফতুল্লা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের
কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন