সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে স্পিড ব্রেকার বসানো হলেও অতিরিক্ত
ও অপরিকল্পিত স্থাপনা জরুরি সেবার ক্ষেত্রে উল্টো সমস্যা তৈরি করতে পারে।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এমন আশঙ্কার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বন্দর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক
সভায় বিষয়টি তুলে ধরেন বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন
অফিসার সঞ্জয় খান।
সভায় সঞ্জয় খান বলেন, কোনো স্থানে অগ্নিকাণ্ড বা
দুর্ঘটনার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের গাড়ির প্রধান লক্ষ্য থাকে যত দ্রুত সম্ভব
ঘটনাস্থলে পৌঁছানো। কিন্তু সড়কে অতিরিক্ত স্পিড ব্রেকার থাকলে গাড়ির গতি কমিয়ে
চলতে হয়। এতে জরুরি পরিস্থিতিতে সেবা দিতে প্রয়োজনের তুলনায় বেশি সময় লেগে যেতে
পারে।
তিনি বলেন,
মানুষের নিরাপত্তার জন্য স্পিড ব্রেকার প্রয়োজন হতে পারে। তবে
এটি স্থাপনের ক্ষেত্রে সড়কের গুরুত্ব, যানবাহনের চলাচল
এবং জরুরি সেবার বিষয়টি বিবেচনায় রাখা দরকার। বিশেষ করে যেসব সড়ক দিয়ে ফায়ার
সার্ভিসের গাড়ি নিয়মিত চলাচল করে, সেখানে স্পিড ব্রেকার
নির্মাণের আগে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা উচিত।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, শুধু
যানবাহনের গতি কমানোর বিষয়টি বিবেচনা করে স্পিড ব্রেকার স্থাপন করলে হবে না। কোথায়
এর প্রয়োজন রয়েছে এবং কোথায় এটি জরুরি যান চলাচলে বাধা তৈরি করতে পারে—তা যাচাই
করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
আইনশৃঙ্খলা কমিটির সভায় বন্দর উপজেলার বিভিন্ন সড়কের অবস্থা, নতুন করে
স্পিড ব্রেকার স্থাপনের প্রয়োজনীয়তা এবং জরুরি সেবার যানবাহন নির্বিঘ্নে চলাচলের
বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায়
সংশ্লিষ্ট সড়কগুলোতে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং জরুরি সেবা নিশ্চিত করতে
সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন