শোবিজ অঙ্গনে এক যুগেরও বেশি সময় ধরে পথচলা অভিনেত্রী সাফা কবিরের। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সময়ের সঙ্গে কাজের ব্যস্ততা কিছুটা কমালেও এখনো বেছে বেছে নাটকে অভিনয় করছেন এই অভিনেত্রী।
নারী হিসেবে কর্মক্ষেত্রে সাফল্য ও পথচলার স্বীকৃতিস্বরূপ এবার ‘সম্পূর্ণা
পুরস্কার ২০২৬’ পেয়েছেন সাফা কবির। সম্মাননা পাওয়ার পর নিজের আনন্দের অনুভূতি সামাজিক
যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি অন্য নারীদেরও নিজ নিজ কর্মক্ষেত্রে এগিয়ে
যাওয়ার আহ্বান জানিয়েছেন।
পুরস্কার পাওয়ার পর ফেসবুকে দেওয়া এক বার্তায় সাফা কবির লেখেন, ‘প্রতিটি
নারীকে আজ শুধু একটা কথাই বলতে চাই—তুমি যথেষ্ট। তুমি নিজেই সম্পূর্ণ। নিজের শক্তিকে
চিনে নাও, নিজের জায়গা তৈরি করো, আর নিজের পৃথিবীটা জয় করো।’
এই সম্মাননার জন্য আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী।
তিনি জানান, প্রতিটি স্বীকৃতিই তার কাছে বিশেষ। এসব স্বীকৃতি তাকে আরও পরিশ্রম করতে
এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়।
সাফা কবিরের শোবিজ যাত্রা শুরু হয়েছিল ছোট পর্দার মাধ্যমে। অভিনয়ের
পাশাপাশি উপস্থাপনা ও বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন তিনি। নিজের স্বতন্ত্র অভিনয়শৈলী
দিয়ে অল্প সময়েই দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী।
বর্তমানে আগের তুলনায় পর্দায় তার উপস্থিতি কম। তবে কাজের ক্ষেত্রে
বেছে বেছে গল্প ও চরিত্র নির্বাচন করছেন তিনি। সর্বশেষ কোরবানির ঈদে সাফা কবির অভিনীত
একাধিক নাটক প্রচারিত হয়। নাটকগুলো দর্শকদের কাছ থেকে প্রশংসা ও সাড়া পেয়েছে।
ঈদের পর কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে ঘুরতে গিয়েছিলেন সাফা। ভ্রমণের
বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন তিনি। দেশে ফিরলেও
এখন পর্যন্ত নতুন কোনো কাজের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
ফলে নতুন কাজ নিয়ে সাফা কবিরের পরিকল্পনা কী, তা এখনো স্পষ্ট নয়। ভক্তদের
অনেকেই অপেক্ষায় রয়েছেন, কবে আবার নতুন কোনো নাটক বা ভিন্নধর্মী চরিত্র নিয়ে পর্দায়
ফিরবেন এই অভিনেত্রী। আপাতত কাজের ব্যস্ততা থেকে কিছুটা দূরে থেকে নিজেকে গুছিয়ে নিচ্ছেন
সাফা এমনটাই ধারণা তার ভক্তদের।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন