ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। পারিবারিক কারণে দীর্ঘদিন ধরেই প্রবাসে রয়েছেন তিনি। দেশ থেকে দূরে থাকলেও বিভিন্ন সময় কাজ, পরিবার কিংবা ব্যক্তিগত নানা বিষয় নিয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী।
এবার হঠাৎ একটি ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের সামনে হাজির হয়েছেন
মৌসুমী। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন
তার স্বামী অভিনেতা ওমর সানী।
ভিডিওর শুরুতেই দর্শক-ভক্তদের সালাম ও শুভেচ্ছা জানান মৌসুমী। এরপর
তাদের দীর্ঘদিনের রেস্তোরাঁ ব্যবসা নিয়ে কথা বলেন তিনি।
মৌসুমী বলেন, তারা দীর্ঘদিন ধরে রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে যুক্ত। বিশেষ
করে তার স্বামী ওমর সানী বেশ উৎসাহের সঙ্গে এই ব্যবসা পরিচালনা করে আসছেন।
অভিনেত্রীর কথায় জানা যায়, তাদের পারিবারিক উদ্যোগের ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি
রেস্টুরেন্ট’-এর প্রথম শাখা রয়েছে মানিকগঞ্জের সাটুরিয়ায়। এবার এর নতুন শাখা চালু হচ্ছে
সাভারের হেমায়েতপুরে। আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নতুন শাখাটির উদ্বোধন হওয়ার কথা
রয়েছে।
নতুন শাখা চালুর খবর জানিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সেখানে আসার আমন্ত্রণও
জানিয়েছেন মৌসুমী।
তিনি বলেন, নতুন শাখাটি হঠাৎ করেই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরও
যারা সবসময় তাদের পাশে ছিলেন এবং রেস্তোরাঁটির নিয়মিত গ্রাহক, তাদের সবাইকে আমন্ত্রণ
জানাচ্ছেন তিনি।
নতুন শাখায় খাবারের বৈচিত্র্য থাকবে জানিয়ে মৌসুমী বলেন, সেখানে তাদের
বিশেষ ‘চাপ’ খাবারের পাশাপাশি বাঙালিয়ানার বিভিন্ন ধরনের খাবারও পাওয়া যাবে। ফলে নতুন
শাখাতেও ভক্ত-অনুরাগীরা ভালো অভিজ্ঞতা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
ভিডিও বার্তার শেষ দিকে ভক্তদের জন্য শুভকামনা জানান মৌসুমী। একই সঙ্গে
তাদের জন্য দোয়া করার অনুরোধ জানান তিনি।
এদিকে দীর্ঘদিন ধরে মৌসুমী ও ওমর সানীর দাম্পত্য সম্পর্ক নিয়ে বিভিন্ন
সময় নানা ধরনের গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা
হলেও দুজনকে বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে।
সম্প্রতি একটি ভিডিও কলে মৌসুমী ও ওমর সানীকে কথা বলতে দেখা যায়। এবার
রেস্তোরাঁ ব্যবসার নতুন শাখা চালুর বিষয়ে মৌসুমীর ভিডিও বার্তায়ও স্বামীর ব্যবসার প্রসঙ্গ
উঠে এসেছে। ফলে তাদের সম্পর্ক নিয়ে চলা বিভিন্ন আলোচনা-গুঞ্জনের মধ্যেই নতুন করে সামনে
এলো দুজনের পারিবারিক ও ব্যবসায়িক সম্পৃক্ততার বিষয়টি।
তবে মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকায় নতুন কোনো সিনেমা বা অভিনয়ের
কাজে কবে ফিরবেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন