নারায়ণগঞ্জে মাদক, ছিনতাই,
ওয়ারেন্টসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে পুলিশের বিশেষ
অভিযান চালানো হয়েছে। জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক
অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার সদস্য, সাত মাদক
ব্যবসায়ী, ৬০ মাদকসেবীসহ মোট ৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে
বলে জানিয়েছে জেলা পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা
পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের
তত্ত্বাবধানে দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের তথ্যমতে, নারায়ণগঞ্জ
সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী, পাঁচ মাদকসেবী, এক জিআর ওয়ারেন্টভুক্ত আসামি
এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময়
একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে এ থানায় গ্রেপ্তার করা হয় আটজনকে।
ফতুল্লা মডেল থানা পুলিশ ১৭
মাদকসেবী, দুই মাদক ব্যবসায়ী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন
সদস্য এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পাঁচজনসহ ২৭ জনকে গ্রেপ্তার করেছে।
বন্দর থানা পুলিশের অভিযানে
চার মাদকসেবী ও দুই ওয়ারেন্টভুক্ত আসামিসহ ছয়জন গ্রেপ্তার হন।
রূপগঞ্জে পুলিশের অভিযানে
সাত মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য এবং অন্যান্য অপরাধে জড়িত চারজনসহ মোট
১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১৬
মাদকসেবী, একটি চাকুসহ তিন ছিনতাইকারী এবং চার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার
করেছে। এ অভিযানে মোট ২৩ জন গ্রেপ্তার হন।
সোনারগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ
দুই মাদক ব্যবসায়ী ও দুই মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে আড়াইহাজারে তিন
মাদকসেবী ও দুই মাদক ব্যবসায়ীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে জেলা গোয়েন্দা (ডিবি)
পুলিশের পৃথক অভিযানে ১০০ পুরিয়া গাঁজাসহ আট মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ
জানিয়েছে, মাদক ব্যবসা ও সেবন, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড, ওয়ারেন্টভুক্ত আসামি
গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে
অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়
পুলিশের টহল ও নজরদারিও বাড়ানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো
হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া
হচ্ছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার পরিকল্পনাও রয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন