নারায়ণগঞ্জের ফতুল্লায়
নিষিদ্ধঘোষিত যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে হাজী মোশারফ
হোসেন নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে
ধর্মগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক
(এসআই) মো. রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মোশারফ
হোসেনকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা
যায়, সম্প্রতি কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন
খান নিখিলকে ঘিরে আদালতের রায়ের প্রতিবাদে বিভিন্ন স্থানে কর্মসূচি ও ঝটিকা
মিছিলের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জেও নিষিদ্ধঘোষিত যুবলীগের ব্যানারে
একটি মিছিল বের হয়। ওই মিছিলে জেলা যুবলীগ নেতা সৈয়দ সাদিম আহমেদের ব্যানারের
সামনে থেকে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে মোশারফের বিরুদ্ধে।
স্থানীয়দের ভাষ্য, ৫
আগস্টের পর কিছু সময় আত্মগোপনে থাকার পর মোশারফ হোসেন আবার এলাকায় অবস্থান শুরু
করেন। এরপর বিভিন্ন সময় মিছিল ও সভা আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি এসব
কর্মসূচিতে অর্থের জোগান দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয়দের আরও দাবি, নারায়ণগঞ্জের
বিভিন্ন এলাকা ছাড়াও মুন্সিগঞ্জের আশপাশে যুবলীগের ব্যানারে আয়োজিত কর্মসূচিতেও
মোশারফের অংশগ্রহণ ছিল। ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের সময় ফতুল্লা ও পঞ্চবটী
এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায়ও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে জানান
তারা।
এ ছাড়া প্রবাসে থাকা কয়েকজন
আওয়ামী লীগ নেতার নির্দেশনা অনুযায়ী তিনি বিভিন্ন কর্মসূচিতে অর্থসহায়তা করতেন—এমন
অভিযোগও স্থানীয়দের পক্ষ থেকে করা হয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা
তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের
পর মোশারফ হোসেনকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত
কার্যক্রম চলমান রয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন