নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড
নামে একটি পোশাক কারখানায় টানা দ্বিতীয় দিনের মতো শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েছেন। এ
ঘটনায় রোববার (২৩ আগস্ট) কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কারখানা
সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কাজ করার সময় এক নারী
শ্রমিক হঠাৎ অস্বাভাবিক আচরণ করে অসুস্থ হয়ে পড়েন। পরে একইভাবে আরও শতাধিক শ্রমিক
অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত ইপিজেডের বেপজা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্ধারিত সময়ের আগেই সেদিন কারখানা ছুটি দেওয়া হয়।
রোববার সকালে
প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে যোগ দেন। তবে কিছুক্ষণ পর আবারও কয়েকজন শ্রমিক একইভাবে
অসুস্থ হয়ে পড়েন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
ইউনিভার্সেল
মেনসওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার বিল্লাল হোসেন বলেন, সকালে অধিকাংশ
শ্রমিক কাজে যোগ দিলেও আগের দিনের মতো কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে অসুস্থতার
কারণ শনাক্ত করা সম্ভব হয়নি।
আদমজী
ইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে
কারখানাটি পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে বায়ুপ্রবাহ বা অন্য কোনো প্রত্যক্ষ
সমস্যা পাওয়া যায়নি। শ্রমিকদের অসুস্থ হয়ে পড়ার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা
চলছে।
তিনি আরও
বলেন, শ্রমিকদের
নিরাপত্তার কথা বিবেচনা করে কারখানাটি বন্ধ রাখা হয়েছে।
এদিকে, শ্রমিকদের মধ্যে এ
ঘটনাকে ঘিরে আতঙ্ক দেখা দিয়েছে। কারখানার ভেতরে কোনো রহস্যজনক কারণে তারা অসুস্থ
হয়ে পড়ছেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন শ্রমিক।
তবে এখন পর্যন্ত অসুস্থতার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
দ্যা প্রেস নেওস/এফজে
মন্তব্য করুন