নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের
কাঁচপুরে নিখোঁজের এক দিন পর মো. আইয়ুব হোসেন নামে এক ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী
মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে সাগর
পাম্পসংলগ্ন একটি পরিত্যক্ত ভবনের পেছনের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, মরদেহটির
হাত-পা বাঁধা অবস্থায় ছিল।
নিহত আইয়ুব হোসেন কাঁচপুর
উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে
যুক্ত ছিলেন। মঙ্গলবার রাত থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের
সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি।
স্থানীয়রা জানান, বুধবার
সকালে একটি ভাঙারি গোডাউনের পেছনের ডোবায় একটি বস্তা ভাসতে দেখা যায়। বিষয়টি
সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ
ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। পরে এর ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব
হোসেনের মরদেহ পাওয়া যায়।
পুলিশ ঘটনাস্থলে প্রাথমিক
সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে। পরে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য
মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন
নারায়ণগঞ্জ ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ। তিনি বলেন, আইয়ুব
হোসেনের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন
পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা
হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন