নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ায়
দীর্ঘদিনের পুরোনো শহীদ জিয়া হল পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ভবন
নির্মাণের প্রাথমিক ধাপ হিসেবে সোমবার মাটি পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর)
দুপুরে চাষাঢ়ায় শহীদ জিয়া হল প্রাঙ্গণে সয়েল টেস্টের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫
আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
এ সময় নারায়ণগঞ্জ সিটি
করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী
কর্মকর্তা নূর কুতুবুল আলম উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে আবুল কালাম
বলেন, শহীদ জিয়া হল নারায়ণগঞ্জের একটি পরিচিত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।
দীর্ঘদিন ধরে এটি পুনর্নির্মাণের দাবি রয়েছে। সেই ধারাবাহিকতায় সিটি করপোরেশনের
প্রশাসকের সঙ্গে সমন্বয় করে প্রাথমিকভাবে মাটি পরীক্ষা শুরু করা হয়েছে।
তিনি বলেন, পরিকল্পনা
অনুযায়ী পুরোনো স্থাপনার পরিবর্তে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে জিয়া হলকে নতুনভাবে
গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নগরবাসীর প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশা
প্রকাশ করেন।
এ সময় বিগত সরকারের সময় জিয়া
হলের অব্যবস্থাপনা ও অকার্যকর হয়ে পড়ার বিষয়ে অভিযোগ তুলে আবুল কালাম বলেন, গত ১৭
বছরে প্রতিষ্ঠানটির প্রতি সংশ্লিষ্টদের অনীহার কারণে এটি কার্যত বিলুপ্ত হয়ে
গিয়েছিল।
সিটি করপোরেশন সূত্রে জানা
গেছে, ভবিষ্যৎ নির্মাণকাজের পরিকল্পনা ও প্রকৌশলগত প্রস্তুতির অংশ হিসেবেই
মাটি পরীক্ষার কাজ শুরু করা হয়েছে। সয়েল টেস্টের ফলাফল ও পরবর্তী কারিগরি
প্রক্রিয়ার ভিত্তিতে ভবন নির্মাণের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন