জ্বালানি তেলের বাড়ানো দাম পুনর্বিবেচনার দাবিতে নারায়ণগঞ্জ
নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর শাখা।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মিশনপাড়া এলাকা থেকে দলটির নেতাকর্মীরা
মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে চাষাঢ়া এলাকায় যায়।
এর আগে একই দাবিতে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের মাধ্যমে
প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয় মহানগর জামায়াত।
স্মারকলিপিতে সংগঠনটি উল্লেখ করে, জ্বালানি তেলের দাম বাড়লে
এর প্রভাব পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন, পণ্য পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়তে পারে। এতে নিম্ন ও
মধ্যম আয়ের পাশাপাশি শ্রমজীবী মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হওয়ার আশঙ্কার
কথা জানানো হয়।
দলটির দাবিগুলোর মধ্যে রয়েছে—বর্ধিত জ্বালানি মূল্যের সিদ্ধান্ত
পুনর্বিবেচনা, মূল্যবৃদ্ধির অজুহাতে গণপরিবহনের ভাড়া ও নিত্যপণ্যের দাম
অস্বাভাবিকভাবে বাড়ানো বন্ধে ব্যবস্থা নেওয়া এবং জ্বালানির মূল্য নির্ধারণ
প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা।
এ ছাড়া আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি মূল্য
নির্ধারণে নীতিমালা প্রণয়ন,
পরিবহন ও নিত্যপণ্যের বাজারে অতিরিক্ত মূল্য আদায় ও সিন্ডিকেট
নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো এবং জ্বালানি খাতে অপচয়, অনিয়ম
ও দুর্নীতি প্রতিরোধের দাবিও জানানো হয়েছে।
কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন
উদ্দিন আহমাদ, মহানগর শাখার নায়েবে আমির মাওলানা আবদুল কাইউম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. মনোয়ার হোসাইন, সহকারী
সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা
অংশ নেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন