বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা
দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচিতে
অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে ফতুল্লা থানা ওলামা দল। এ লক্ষ্যে নেতাকর্মীদের
নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা।
রোববার বিকেলে নগরীর মাসদাইর
পৌর কবরস্থানসংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে ফতুল্লা
থানা ওলামা দলের আহ্বায়ক জিলানী ফকির সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন
নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোহাম্মদ মামুন। আগামী ৩০
সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় কর্মসূচিতে নারায়ণগঞ্জ থেকে নেতাকর্মীদের
নিয়ে বড় পরিসরে ঢাকায় যাওয়ার বিষয়ে সভায় আলোচনা হয়।
বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর
কর্মসূচি সফল করতে সংগঠনের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এ জন্য
প্রস্তুতি, অংশগ্রহণ ও সাংগঠনিক যোগাযোগ আরও জোরদারের ওপর
গুরুত্ব দেওয়া হয়।
সভায় জিলানী ফকিরকে সম্প্রতি
গণপিটুনিতে নিহত এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় জড়ানোর অভিযোগ নিয়েও আলোচনা হয়। এ সময়
নেতারা অভিযোগটি প্রত্যাখ্যান করে দাবি করেন, ওই ঘটনার সঙ্গে জিলানী ফকিরের
কোনো সম্পৃক্ততা নেই।
বক্তারা বলেন, জিলানী
ফকিরের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ থাকলে তা তথ্য-প্রমাণের মাধ্যমে প্রকাশ করা
উচিত। তারা নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের প্রতি এ বিষয়ে
প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান। একই সঙ্গে তথ্য-প্রমাণ পাওয়া গেলে আইনগত প্রক্রিয়াকে
তারা মেনে নেওয়ার কথাও বলেন। তবে প্রমাণ ছাড়া রাজনৈতিক বিরোধের কারণে কাউকে
বিতর্কিত করার চেষ্টা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তারা।
ফতুল্লা থানা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোহাম্মদ
মহসিনের সঞ্চালনায় সভায় সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজারুল ইসলাম সুমন, যুগ্ম
আহ্বায়ক সৈয়দ আব্দুল বাসেদ, জাহিদ হাসান বেলাল, মো. আমিন, রেফায়েত উল্লাহ মাস্টার, মোহাম্মদ শামীম, সাদেকুর রহমান, জেলা ওলামা দলের সদস্য মাহবুব, শাহ আলম ও
মোহাম্মদ নয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন