মঙ্গলবার বিকেল ৫টায় কাঁচপুর ফেরিঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ
নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পরিচালিত এ ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন
করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন
মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।
এর আগে গত ২৭ আগস্ট কাঁচপুর-ইলিশা নৌপথে পরীক্ষামূলকভাবে সরাসরি
ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এ রুটে বিআইডব্লিউটিসির দুটি ফেরি—‘বেগম সুফিয়া
কামাল’ ও ‘বেগম রোকেয়া’—চলাচল করছে। প্রতিদিন কাঁচপুর ও ইলিশা উভয় প্রান্ত থেকে
একটি করে ফেরি ছেড়ে যায়।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, কাঁচপুর থেকে ইলিশা যেতে
ফেরিতে প্রায় আট ঘণ্টা সময় লাগে। সরাসরি এই নৌ যোগাযোগ চালু হওয়ায় ভোলা থেকে
নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যাত্রী ও পণ্য পরিবহনে নতুন সুযোগ তৈরি
হয়েছে।
বিশেষ করে ভোলার ব্যবসায়ী, পণ্য পরিবহনকারী ও ট্রাকচালকদের
মধ্যে এ ফেরি রুট নিয়ে আগ্রহ দেখা দিয়েছে। সরাসরি যোগাযোগের কারণে পণ্য পরিবহনে
সময় ও ভোগান্তি কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা
করছেন।
বিআইডব্লিউটিসি বলছে, কাঁচপুর-ইলিশা ফেরি সার্ভিস ভোলার
মানুষের যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা,
কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। একই
সঙ্গে নতুন এ রুট থেকে সংস্থাটির রাজস্ব আয় বাড়ারও সম্ভাবনা রয়েছে।
উদ্বোধনী
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন