দেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে দক্ষ, কর্মমুখী এবং আত্মনির্ভরশীল জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
তিনি বলেছেন, দেশ
গঠনে শুধু যুবসমাজের ওপর নির্ভর করলে হবে না, সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে
সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তরুণদের প্রযুক্তিগত জ্ঞান ও ভাষাগত দক্ষতা বাড়ানোর
পাশাপাশি কর্মমুখী শিক্ষায় প্রশিক্ষিত করতে হবে। তাহলেই একটি দক্ষ ও উৎপাদনশীল
জনশক্তি গড়ে তোলা সম্ভব হবে।
রোববার (১ নভেম্বর)
সকালে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘দক্ষ যুব গড়বে
দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জে যুব র্যালি,
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আবুল কালাম বলেন,
দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কর্মমুখী এবং আত্মনির্ভরশীল জনশক্তি গড়ে তোলা জরুরি।
এ লক্ষ্য অর্জনে যুবকদের আধুনিক প্রযুক্তিগত জ্ঞান ও ভাষাগত দক্ষতা অর্জন করতে
হবে। পাশাপাশি কর্মসংস্থানের উপযোগী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য করে
গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতির
বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, দেশে দক্ষ জনশক্তির ঘাটতি রয়েছে।
একজন মানুষের মধ্যে প্রয়োজনীয় দক্ষতা থাকলে তিনি কর্মক্ষেত্রের বিভিন্ন জায়গায়
সফলতা অর্জন করতে পারবেন।
তিনি আরও বলেন,
বেকার ও কর্মহীন যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা এবং
তাঁদের আত্মনির্ভরশীল করে তোলাই যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যতম প্রধান দায়িত্ব।
যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে
আন্তরিকভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন, অতিরিক্ত জেলা
প্রশাসক নাইমা ইসলাম এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আবুল বাসার।
এ ছাড়া অনুষ্ঠানে
সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা, যুব প্রশিক্ষণকেন্দ্রের প্রতিনিধি ও
প্রশিক্ষণার্থীরা অংশ নেন।
মন্তব্য করুন