নারায়ণগঞ্জ শহরে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগে অভিযুক্ত আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার
দিকে শহরের খানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা
গোয়েন্দা পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম।
তিনি জানান, আক্তার নূরের বিরুদ্ধে
সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি
কার্যালয়ে নেওয়া হয়েছে। অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে সুনির্দিষ্ট মামলায় তাকে
গ্রেপ্তার দেখানোর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
আক্তার নূরের বিরুদ্ধে নারায়ণগঞ্জ শহরে চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে
জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময়ও তার বিরুদ্ধে
হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ ওঠে।
আক্তার নূর নারায়ণগঞ্জ-৫ আসনের
প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে
পরিচিত। আজমেরী ওসমানের বিরুদ্ধেও মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা,
চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ
সরকারের পতনের পর আজমেরী ওসমান ও তার ঘনিষ্ঠ সহযোগীদের অনেকেই আত্মগোপনে চলে যান
বলে জানা গেছে। এর মধ্যে আক্তার নূরকে আটকের ঘটনায় নারায়ণগঞ্জের অপরাধজগতের সঙ্গে
সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মন্তব্য করুন