নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি আবাসিক হোটেলে ভাঙচুর চালিয়েছেন স্থানীয় এলাকাবাসী। এ সময় হোটেল থেকে ১২ নারী ও ১৪ পুরুষসহ মোট ২৬ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (১ নভেম্বর)
বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল এলাকায় অবস্থিত হোটেল
শীতলক্ষ্যা আবাসিকে এ ঘটনা ঘটে। হোটেলটি আগে সাজেদা হাসপাতাল নামে পরিচিত ছিল।
স্থানীয় সূত্রে
জানা যায়, হোটেলটিতে অবৈধভাবে দেহ ব্যবসা পরিচালনার অভিযোগ তুলে ৪০ থেকে ৫০ জন
এলাকাবাসী আকস্মিকভাবে সেখানে উপস্থিত হন। একপর্যায়ে তাঁরা হোটেলটিতে ভাঙচুর
চালান। পরে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটক ১২ নারী ও ১৪
পুরুষকে পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।
এ সময় উত্তেজিত
এলাকাবাসী হোটেলটির ব্যবস্থাপক মিঠুকে মারধর করেন বলেও জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ,
এর আগেও অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসাইনের নেতৃত্বে হোটেলটিতে
অভিযান চালানো হয়েছিল। ওই সময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে কয়েকজন নারী-পুরুষকে
আটক করার পাশাপাশি হোটেলটি সিলগালা করা হয়। কিন্তু এক মাস না পেরোতেই কীভাবে আবার
হোটেলটিতে কার্যক্রম শুরু হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
তাঁদের দাবি,
প্রশাসনের নজরদারির মধ্যে সিলগালা করা একটি হোটেলে পুনরায় এ ধরনের কার্যক্রম
পরিচালিত হওয়ার বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি ও
সম্ভাব্য দায়িত্বহীনতা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
বক্তব্য পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে
গিয়ে ১২ নারী ও ১৪ পুরুষকে থানায় নিয়ে এসেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগের
সত্যতা যাচাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন