দেশ ও ইসলামি মূল্যবোধ রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মাওলানা আবদুল জব্বার।
মঙ্গলবার (৮
সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কৃতি শিক্ষার্থী
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
মাওলানা আবদুল
জব্বার বলেন, ইসলাম, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং আলেম সমাজের ওপর কোনো ধরনের
আঘাত এলে সচেতন মুসলমানদের নীরব থাকার সুযোগ নেই। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে
সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।
শিক্ষার্থীদের
উদ্দেশে তিনি বলেন, ইতিহাসের বিভিন্ন সময়ে ইসলামবিরোধী শক্তি সত্যের কণ্ঠ স্তব্ধ
করতে নানা ধরনের ষড়যন্ত্র করেছে। কিন্তু তৌহিদী জনতার ঈমানি শক্তি ও ঐক্যবদ্ধ
প্রতিরোধের কারণে অন্যায়-অবিচার স্থায়ী হতে পারেনি।
বর্তমান সময়েও
ইসলাম, মাদরাসা শিক্ষা ও ধর্মীয় ঐতিহ্যকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলে দাবি
করেন তিনি। এ বিষয়ে শিক্ষার্থীসহ ধর্মপ্রাণ মানুষকে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান
জানান মাওলানা আবদুল জব্বার।
তিনি আরও বলেন,
আলেম-ওলামা ও শান্তিকামী মানুষ সবসময় দেশে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায়
রাখার পক্ষে। তবে শান্তিকামী মানুষকে উসকানি দেওয়া কিংবা আলেম সমাজকে অন্যায্যভাবে
হয়রানি করার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।
দেশের শান্তি ও
সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল,
নিরপেক্ষ ও আইনানুগ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শেষ
পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য, কল্যাণ ও হেদায়েত কামনা করে দোয়া ও
মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল জব্বার। একই সঙ্গে সমাজের সর্বস্তরে ইসলামের
আদর্শ ছড়িয়ে দেওয়া এবং প্রতিকূল পরিস্থিতিতেও সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার
আহ্বান জানান তিনি।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন