নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন
ওরফে শিষনাগ জসিম (৪৫), শফিকুর রহমান রনি (৩৫) ও লিটন ওরফে পাইলট লিটন (৪৫)।
তাঁদের কাছ থেকে ৭.৬৫ বোরের একটি বিদেশি পিস্তল ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
তাঁদের বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, জসিম মেহেরপুর সীমান্ত এলাকার এক
অস্ত্র চোরাকারবারির সঙ্গে যোগাযোগ করে দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচা করে আসছিলেন।
বন্দরে জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে
এসব অস্ত্র কেনাবেচা করা হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে বলে
জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, মেহেরপুর থেকে অস্ত্র নিয়ে কেনাবেচার উদ্দেশ্যে তিনজন
সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অভিযান চালিয়ে
তাঁদের অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো.
হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে ডিবি
পুলিশের একটি দল এতে অংশ নেয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে
নিয়মিত মামলা করা হয়েছে।
মন্তব্য করুন