নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গোলাকান্দাইল পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)। এ লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন।
আবেদনে রূপগঞ্জকে
জনবহুল, শিল্পসমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ আঞ্চলিক যোগাযোগকেন্দ্র হিসেবে উল্লেখ করে এ
এলাকায় মেট্রোরেল সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন সংসদ সদস্য দিপু।
চিঠিতে তিনি উল্লেখ
করেন, প্রায় ১৭৬ বর্গকিলোমিটার আয়তনের রূপগঞ্জ উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে
প্রায় ২০ লাখ মানুষের বসবাস। ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের বিভিন্ন
গুরুত্বপূর্ণ এলাকার সঙ্গে রূপগঞ্জের সরাসরি যোগাযোগ থাকায় প্রতিদিন বিপুলসংখ্যক
মানুষ এ অঞ্চলের সড়কপথ ব্যবহার করেন।
সংসদ সদস্য
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ
শিল্পাঞ্চলে পরিণত হয়েছে। উপজেলায় এক হাজারের বেশি ছোট-বড় শিল্পকারখানা রয়েছে।
নিটওয়্যার, হোসিয়ারি ও ঐতিহ্যবাহী জামদানি শিল্পের পাশাপাশি দেশের বিভিন্ন
শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীর কারখানাও এ এলাকায় গড়ে উঠেছে।
এসব
শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী ছাড়াও শিক্ষা, চিকিৎসা,
ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের প্রয়োজনে প্রতিদিন হাজার হাজার মানুষ রূপগঞ্জ থেকে
ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াত করেন।
তবে পর্যাপ্ত ও
জনবান্ধব গণপরিবহন ব্যবস্থার অভাবে এ অঞ্চলের সড়কগুলোতে প্রতিনিয়ত তীব্র যানজট
সৃষ্টি হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়। এতে সাধারণ মানুষ, ব্যবসায়ী,
শিল্পোদ্যোক্তা ও কর্মজীবীদের দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হচ্ছে। সময় ও অর্থের
অপচয়ের পাশাপাশি শিল্প ও বাণিজ্যের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
এই পরিস্থিতিতে
রূপগঞ্জের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে মেট্রোরেল সম্প্রসারণের
প্রস্তাব দিয়েছেন এমপি দিপু। তিনি এমআরটি লাইন-১-এর পূর্বাচল অংশ থেকে ভুলতা-গোলাকান্দাইল অথবা
এমআরটি লাইন-৫-এর দাশেরকান্দি/ভাটারা থেকে ভুলতা-গোলাকান্দাইল পর্যন্ত
সম্ভাব্য যেকোনো একটি রুট সম্প্রসারণের প্রস্তাব করেন।
আবেদনে বলা হয়,
ভুলতা-গোলাকান্দাইল পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ করা হলে রূপগঞ্জসহ পার্শ্ববর্তী
এলাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দ্রুত, নিরাপদ ও আধুনিক
যাতায়াত ব্যবস্থা নিশ্চিত হওয়ার পাশাপাশি শিল্প-বাণিজ্যের সম্প্রসারণ এবং দেশি-বিদেশি
বিনিয়োগের জন্য আরও অনুকূল পরিবেশ সৃষ্টি হবে।
এ ছাড়া ঢাকা থেকে
চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতকারী মানুষের যোগাযোগ ব্যবস্থাও
আরও সহজ ও গতিশীল হবে বলে মনে করেন সংসদ সদস্য দিপু।
রূপগঞ্জের
ক্রমবর্ধমান জনসংখ্যা, শিল্পায়ন এবং যোগাযোগের গুরুত্ব বিবেচনায়
ভুলতা-গোলাকান্দাইল পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই করে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর সদয় দিকনির্দেশনা ও বিশেষ হস্তক্ষেপ
কামনা করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন