নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি, মাদক ও
দুর্নীতি নিয়ন্ত্রণ, সুশাসন নিশ্চিতকরণ এবং উন্নয়ন ও
জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন
ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে দেশের
৬৪ জেলার দায়িত্ব ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপের মধ্যে
বণ্টন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এতে সই করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপরা সংশ্লিষ্ট জেলার স্থানীয় সরকার
প্রতিষ্ঠান এবং অন্যান্য সাংবিধানিক ও আইনগত সংস্থার ক্ষমতা অক্ষুণ্ন রেখে জেলার
সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন।
দায়িত্বের আওতায় রয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার
নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, গুরুতর অপরাধ দমন এবং
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরকে
প্রয়োজনীয় পরামর্শ দেওয়া।
এ ছাড়া সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য
বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা
কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি এবং প্রয়োজনীয় পরামর্শ
দেওয়ার দায়িত্বও পালন করবেন তারা।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রয়োজনে দায়িত্বপ্রাপ্তরা
সংশ্লিষ্ট জেলার জেলা পর্যায়ের বিভিন্ন সভায় অংশ নিতে এবং পরামর্শ দিতে পারবেন।
সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, এসব
দায়িত্ব পালনের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠান কিংবা অন্য কোনো সাংবিধানিক ও
আইনগত সংস্থার আইনগত ক্ষমতা খর্ব হবে না।
নতুন
দায়িত্ব বণ্টনের ফলে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আইনশৃঙ্খলা, সুশাসন,
স্বচ্ছতা-জবাবদিহি এবং উন্নয়ন কার্যক্রমে প্রতিমন্ত্রী হাবিবুর
রশিদের তদারকি ও সমন্বয়ের ভূমিকা থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন