যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
মো. আমিনুল হক বলেছেন,
‘নতুন কুঁড়ি
স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ তুলে এনে
আগামী প্রজন্মকে গড়ে তুলতে চাই। খেলাধুলাকে
পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরি করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর)
বিকেল ৩টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, ‘নতুন
কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে ১ লাখ ৬৮ হাজার কিশোর-কিশোরী অংশ নিয়েছে। সেখান
থেকে জাতীয় পর্যায়ে ভালো করা ৩০৬ জনকে বাছাই করা হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর তাদের
নিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) দুই মাসের প্রশিক্ষণ শুরু
হবে। প্রশিক্ষণ শেষে প্রতিভাবানদের সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে পড়াশোনা ও
ক্রীড়া প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, নির্বাচনী
ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করে তাদের
জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দেওয়া হবে। একই সঙ্গে জাতীয় দলের খেলোয়াড়দের ভাতা
দেওয়ার মাধ্যমে খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে
প্রতিমন্ত্রী বলেন,
শারীরিক সক্ষমতার পাশাপাশি খেলাধুলা মানুষের মধ্যে মননশীলতা,
ধৈর্য ও শৃঙ্খলাবোধ গড়ে তোলে। এ কারণে শিক্ষার সঙ্গে খেলাধুলাকে
আরও সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের
৪৯৫টি উপজেলায় ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি শিশু-কিশোরদের জন্য
দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরিকল্পনা
বাস্তবায়নে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন