নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ইটভাটা মালিকদের
পরিবেশ আইন ও বিধিমালা মেনে ভাটা পরিচালনার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
নিষিদ্ধ এলাকায় থাকা ভাটার কার্যক্রম বন্ধের পাশাপাশি কাঠ বা কাঠজাতীয় জ্বালানি
ব্যবহার না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা
কার্যালয়ের উদ্যোগে ইটভাটা মালিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব নির্দেশনা
দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা
কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ। বক্তব্য দেন সহকারী পরিচালক মো. মোবারক
হোসেন।
মতবিনিময় সভায় ইটভাটা মালিকদের মধ্যে মো. শরীফ হোসেন, মো. রিপন
মিয়া, সাইফুল ইসলাম, শাহাদাত
হোসেন ও মো. কবির হোসেন বক্তব্য দেন।
সভায় জানানো হয়, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)
(সংশোধন) আইন, ২০১৯’ অনুযায়ী ইটভাটা পরিচালনা করতে হবে।
নিষিদ্ধ এলাকায় স্থাপিত ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া ভাটায় কাঠ বা কাঠজাতীয় পদার্থ জ্বালানি হিসেবে ব্যবহার
সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানানো হয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার
অন্তত এক মাস আগে নবায়নের আবেদন করতেও মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় আরও বলা হয়, ইটভাটা চালাতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র,
জেলা প্রশাসনের ইট পোড়ানোর লাইসেন্স এবং মাটি সংগ্রহের অনুমোদন
থাকতে হবে। মাটি ব্যবহারসহ ভাটার অন্যান্য কার্যক্রমও প্রচলিত আইন ও বিধিমালা
অনুযায়ী পরিচালনা করতে হবে।
অবৈধভাবে
ইটভাটা পরিচালনা না করতে মালিকদের সতর্ক করে সভায় বলা হয়, পরিবেশের
ক্ষতি রোধে সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন