বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে চিটাগাং রোড এলাকায় সিদ্ধিরগঞ্জ
থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের আমীর কফিল
আহমাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি
মুহাম্মদ জামাল হোসাইন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
বক্তব্যে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে মাওলানা আবদুল
জব্বার বলেন, ৫ আগস্টের পর মানুষ একটি সাম্য, ন্যায়ভিত্তিক
ও মানবিক বাংলাদেশের প্রত্যাশা করেছিল। কিন্তু জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নের
কথা বলা হলেও তা যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি। তার অভিযোগ, এতে জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণা করা হয়েছে।
বিদ্যুৎ,
গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে তিনি বলেন,
সাধারণ মানুষের ওপর ব্যয়ের চাপ ক্রমেই বাড়ছে। বাজার সিন্ডিকেটের
কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিরোধী
দলগুলোর সঙ্গে কার্যকর আলোচনা না করে বিভিন্ন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও
তিনি অভিযোগ করেন।
তিনি প্রশ্ন রেখে বলেন, সাধারণ কোনো পরিবারের বিদ্যুৎ বিল
যেখানে আগে ৮০০ টাকার মতো আসত, সেখানে সেটি কীভাবে ২
হাজার ৮০০ টাকা হয়?
মাওলানা আবদুল জব্বার আরও বলেন, জনগণের অর্থ কর্তন করে
ফ্যামিলি কার্ডের মতো কর্মসূচি চালু করা হলেও সাধারণ মানুষ মূলত চায় তাদের নাগালের
মধ্যে দ্রব্যমূল্য, ন্যূনতম নাগরিক মর্যাদা এবং নিরাপদ
পরিবেশ। এসব মৌলিক দাবি পূরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকার ব্যবস্থার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, সিটি
করপোরেশন, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার
প্রতিষ্ঠানে নির্বাচিত প্রতিনিধিদের বাইরে রেখে দলীয় লোকজনকে নিয়োগের মাধ্যমে দলীয়
প্রভাব বিস্তারের চেষ্টা চলছে।
তিনি বলেন,
দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর মানুষ নতুন
রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশা করেছিল। জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট সরকারের
ভুলত্রুটি তুলে ধরে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে চায়। একই সঙ্গে অন্যায়,
অনিয়ম ও দলীয়করণের বিরুদ্ধে তাদের প্রতিবাদও অব্যাহত থাকবে।
পরে
চিটাগাং রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণমিছিলটি। এ সময় ৫
সেপ্টেম্বরের লং মার্চ ও ১১ দলীয় জোটের পরবর্তী কর্মসূচি সফল করার জন্য
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন