দেশের তৈরি পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি, শিল্প খাতের সংকট ও ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) একটি প্রতিনিধি দল।
বুধবার (২
সেপ্টেম্বর) রাত ৯টায় ঢাকার বসুন্ধরায় জামায়াত আমীরের কার্যালয়ে বিকেএমইএ সভাপতি
মোহাম্মদ হাতেমের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেয়।
বৈঠকে দেশের
পোশাকশিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শিল্প খাতে
বিদ্যুৎ ও গ্যাসসহ চলমান জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের নানা সমস্যা, বিনিয়োগের পরিবেশ এবং ব্যবসা পরিচালনায় বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতার
বিষয় তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।
বিকেএমইএ
নেতারা শিল্পের স্বার্থে এসব সমস্যা দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে
তাঁদের মতামত ও উদ্বেগের কথা জানান। তাঁরা বলেন, দেশের অর্থনীতি, রপ্তানি আয় ও কর্মসংস্থানে পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ফলে এ খাতকে সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, ব্যাংকিং
সেবার সহজলভ্যতা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।
ব্যবসায়ী
নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন ডা. শফিকুর রহমান। দেশের অর্থনীতি ও
কর্মসংস্থানে তৈরি পোশাকশিল্পের অবদানের কথা উল্লেখ করে তিনি শিল্প খাতের বিদ্যমান
সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ ও সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে
বিকেএমইএর সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, পরিচালক ও সাবেক নির্বাহী সভাপতি
মনসুর আহমেদ, পরিচালক মো. জামাল উদ্দিন, পরিচালক মো. সালাউদ্দিন আহমেদ শামীম এবং পরিচালক মো. মনিরুজ্জামান
উপস্থিত ছিলেন।
এ ছাড়া
আইবিডব্লিউএফের মহাসচিব ডা. আনোয়ারুল আজিম এবং বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির
চেয়ারম্যান মোজাম্মেল হক ভূঁইয়াও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের
শিল্প ও ব্যবসা-বাণিজ্যের বিকাশ, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং জাতীয় অর্থনীতিকে
আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়
জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন