সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে
সেঞ্চুরি অ্যাপারেলস লিমিটেড শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে
প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা। মিছিলটি শহরের
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে
বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান
বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ,
সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ ও সহসভাপতি হাসনাত কবীর।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, গত ২৯ জুন নোটিশ দিয়ে সেঞ্চুরি
অ্যাপারেলস লিমিটেডের কারখানা বন্ধ ঘোষণা করা হয়। কারখানা বন্ধের পর আইন অনুযায়ী
নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করার কথা থাকলেও এখনো তা পরিশোধ করা
হয়নি।
তাদের অভিযোগ, মালিকপক্ষ কারখানা বিক্রি করে শ্রমিকদের পাওনা
পরিশোধের আশ্বাস দিয়েছিল। ইতোমধ্যে কারখানাটি ফকির অ্যাপারেলসের কাছে বিক্রি করা
হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তবে কারখানা বিক্রি হলেও শ্রমিকদের আইনানুগ পাওনা
পরিশোধের বিষয়টি এখনো অনিষ্পন্ন রয়েছে।
শ্রমিক নেতারা জানান, পাওনা আদায়ের জন্য জেলা প্রশাসন,
শিল্প পুলিশ, বাংলাদেশ নিটওয়্যার
প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), শ্রম দপ্তর
এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এছাড়া
বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সভায় ৩১ আগস্টের মধ্যে শ্রমিকদের
পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি।
সমাবেশে বক্তারা বলেন, কারখানা মালিক, ক্রেতা
প্রতিষ্ঠান ফকির অ্যাপারেলস এবং সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানকে শ্রমিকদের পাওনা
পরিশোধের দায় নিতে হবে। দ্রুত আইনানুগ
পাওনা পরিশোধ না করলে শ্রমিকদের আন্দোলন আরও জোরদার করা হবে।
শ্রমিক নেতারা আরও বলেন, দুই মাসের বেশি সময় ধরে কাজ
হারিয়ে অনেক শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। আয় বন্ধ থাকায় কেউ বাড়িভাড়া দিতে
পারছেন না, আবার কেউ দোকানের বকেয়া পরিশোধ করতে না পেরে
চরম আর্থিক সংকটে পড়েছেন।
সমাবেশ
থেকে অবিলম্বে শ্রমিকদের সব ধরনের আইনানুগ পাওনা পরিশোধের দাবি জানানো হয়। দাবি
বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন