নারায়ণগঞ্জের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, হত্যাকাণ্ড,
চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদক
নিয়ন্ত্রণে পুলিশের কার্যকর পদক্ষেপ দাবি করেছে খেলাফত মজলিসের জেলা ও মহানগর
শাখার নেতারা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জের নবাগত পুলিশ
সুপার মো. হাবিবুর রহমানের সঙ্গে মতবিনিময়কালে এসব বিষয়ে আলোচনা করেন তারা। জেলা
পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ করে বন্দরের ২৬ নম্বর ওয়ার্ডে খেলাফত মজলিসের কর্মী
শাহীন এবং ২২ নম্বর ওয়ার্ডে যুব আন্দোলনের নেতা বুলবুল হত্যাকাণ্ডের বিষয়টি তুলে
ধরা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য
এবং মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নেতারা।
এসব বিষয়ে দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা নিতে পুলিশ সুপারের
কাছে অনুরোধ জানান তারা। একই সঙ্গে নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি
উন্নয়নে পুলিশের ভূমিকা আরও জোরদারের আহ্বান জানানো হয়।
জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক
সংগঠনগুলোর সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন। এ সময় খেলাফত মজলিসের নেতৃবৃন্দের
সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ
মাওলানা আহমদ আলী,
মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহসভাপতি
অধ্যাপক শাহ আলম, সহসাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ,
সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, জেলা
সহসাধারণ সম্পাদক মুহাম্মদ শরীফ মিয়াজী, মুফতী আব্দুল গনী,
ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক, বন্দর
থানা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-মামুন, মহানগর
প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, ইসলামী যুব
মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, জেলা সহসভাপতি যোবায়ের তানভীর, ইসলামী ছাত্র
মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, খেলাফত মজলিস
নেতা আলতাফ হুসাইন, অ্যাডভোকেট হাসান শাহরিয়ার খান আসাদ,
আকিব হোসাইন রাকিবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায়
নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও
স্থানীয় পর্যায়ের সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন