শনিবার সকালে
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) উদ্যোগে কর্মসূচির উদ্বোধন উপলক্ষে একটি র্যালি
বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ সিটি
কর্পোরেশন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সিটি
কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে নগরীর বিভিন্ন এলাকায়
পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা
ও ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়।
নারায়ণগঞ্জ সিটি
কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, ডেঙ্গু প্রতিরোধে নেওয়া
তিন মাসব্যাপী এ কর্মসূচির আওতায় নগরীর ২৭টি ওয়ার্ডের প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে
পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
তিনি বলেন, শুধু
নির্দিষ্ট কোনো এলাকায় অভিযান চালিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নগরীর প্রতিটি
ওয়ার্ডে নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে।
বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না
থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।
সিটি কর্পোরেশন
সূত্রে জানা যায়, তিন মাসের এ কর্মসূচিতে নগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে
পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক
কার্যক্রমও জোরদার করা হবে।
এডিস মশার
প্রজননস্থল ধ্বংস, পরিত্যক্ত ও ময়লা-আবর্জনা অপসারণ এবং নাগরিকদের পরিচ্ছন্নতা
বিষয়ে সচেতন করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। একই সঙ্গে নগরবাসীকে নিজ নিজ বাড়ি ও
আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হচ্ছে।
নগরবাসীর প্রত্যক্ষ
অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে
বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন