নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর গেট এলাকায় অগ্রণী ব্যাংকের সামনে একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শনিবার (১২
সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৮ মিনিটের দিকে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর পায়
ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট
দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
নারায়ণগঞ্জ সদর
ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, ওই এলাকায় ডেঙ্গু
প্রতিরোধ ও সচেতনতামূলক র্যালি চলাকালে ফায়ার সার্ভিসের পাঁচ থেকে ছয়জন সদস্য
অবস্থান করছিলেন। এ সময় অগ্রণী ব্যাংকের সামনের বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর
পান তারা।
তিনি বলেন, খবর
পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ফার্স্ট কল ও সেকেন্ড কলের দুটি ইউনিট
ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। মাত্র দুই মিনিটের মধ্যেই তাদের গাড়ি ঘটনাস্থলে
পৌঁছে যায়।
সাইফুল ইসলাম বলেন,
‘সকাল ১০টা ৫৫ মিনিটে আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। মাত্র দুই মিনিটের
মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’
ফায়ার সার্ভিসের
প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত সময়ের
মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসায় তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারেনি।
ফলে বড় ধরনের কোনো
দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার
প্রকৃত কারণ নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী তদন্ত প্রয়োজন বলে
জানিয়েছে ফায়ার সার্ভিস।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন