শনিবার
(১২ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানের পর বন্দর
উপজেলা পরিষদ চত্বরে স্থানীয়ভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনের
কর্মকর্তা, জনপ্রতিনিধিদের প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, পুলিশ ও
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিউর
রহমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, বন্দর
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা।
উদ্বোধনী
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে
অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, বাড়ি ও আশপাশে পানি জমতে
না দেওয়া এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের বিষয়ে জনসাধারণকে সচেতন করেন।
র্যালিটি
ফরাজিকান্দা এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক
বার্তা পৌঁছে দেয়। পরে র্যালিটি পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
ইউএনও
শিবানী সরকার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শনিবার থেকে দেশের সব জেলা,
উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকায় আগামী তিন মাস প্রতি শনিবার ডেঙ্গু
প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হবে।
তিনি
বলেন, কর্মসূচির আওতায় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা
কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে নানা উদ্যোগ নেওয়া
হবে।
ইউএনও
আরও বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য প্রত্যেক
নাগরিককে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে
দীর্ঘ সময় পানি জমে না থাকে, সেদিকেও সবাইকে নজর দিতে হবে।
সংশ্লিষ্টরা জানান,
নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানো গেলে এডিস মশার
বিস্তার এবং ডেঙ্গু আক্রান্তের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ লক্ষ্যেই আগামী
তিন মাস বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে কর্মসূচি পরিচালনা করা হবে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন