নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে ১০ যুবককে
একটি বাসায় ডেকে নিয়ে জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ
ঘটনায় চক্রটির মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ।
একই সঙ্গে ওই বাসা থেকে জিম্মিদশায় থাকা ১০ যুবককে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার রূপসী কলাবাগান
এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও ১০ যুবককে উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন সিরাজুল ইসলাম (২৯) ও অমিত হাসান (২৩)। র্যাবের
ভাষ্য অনুযায়ী,
সিরাজুল ইসলাম সংঘবদ্ধ চক্রটির মূলহোতা হিসেবে কাজ করতেন।
র্যাব জানায়, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শপিংমলে ‘সেলসম্যান’ পদে চাকরির সুযোগের কথা জানিয়ে
আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করা হয়। বিজ্ঞাপনটি দেখে চাকরিপ্রত্যাশী ১০ যুবক ওই
চক্রের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাদের রূপগঞ্জের উত্তর রূপসী (কলাবাগান) এলাকার
একটি বাসায় নিয়ে যাওয়া হয়।
সেখানে চাকরির প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলে প্রত্যেকের কাছ
থেকে ৭ হাজার টাকা করে নেওয়া হয়। এভাবে ১০ জনের কাছ থেকে মোট ৭০ হাজার টাকা আদায়
করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
অভিযোগ রয়েছে, টাকা নেওয়ার পরও যুবকদের চাকরিতে যোগদানের
সুযোগ না দিয়ে তাদের ওই বাসায় আটকে রাখা হয়। টানা তিন থেকে চার দিন তাদের সেখানে
রাখা হয়। এ সময় খাবার ও পানি না দেওয়ার পাশাপাশি বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে
শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে জিম্মি অবস্থায় থাকা যুবকদের উদ্ধারে
অভিযান পরিচালনা করে র্যাব-১১-এর সিপিএসসি ও রূপগঞ্জ থানা পুলিশের যৌথ দল।
অভিযানে ঘটনাস্থল থেকে সিরাজুল ইসলাম ও অমিত হাসানকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে
বাসা থেকে ১০ যুবককে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব
জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রূপগঞ্জ
থানায় হস্তান্তর করা হয়েছে। চাকরির নামে প্রতারণার সঙ্গে জড়িত চক্রটির অন্য
সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন